আন্তর্জাতিক

কর্পোরেট জীবনের অসংগতি নিয়ে হাস্যরসের প্রতিবাদী কণ্ঠ — সাকির লিমুন

  নিজস্ব প্রতিবেদক: ১ নভেম্বর ২০২৫ , ১১:৩১:২২ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের কর্পোরেট দুনিয়ায় অসংগতি, মানসিক চাপ ও অব্যবস্থাপনার বিরুদ্ধে হাস্যরসের মাধ্যমে প্রতিবাদের নতুন ভাষা সৃষ্টি করেছেন এক তরুণ কনটেন্ট ক্রিয়েটর— সাকির লিমুন। অনলাইন দুনিয়ায় “লিমন সাহেব” নামে পরিচিত এই মানুষটি এখন কর্পোরেট ও সেলস পেশাজীবীদের কাছে এক অনুপ্রেরণার নাম। তিনিই প্রথম ব্যক্তি, যিনি কনটেন্ট ক্রিয়েশনের মাধ্যমে বাংলাদেশের কর্পোরেট সংস্কৃতির অসঙ্গতির বিরুদ্ধে সরব হয়েছেন।

পেশায় একজন প্রকৌশলী সাকির লিমুন বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। জন্ম ও বেড়ে ওঠা বরিশাল বিভাগের ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। শৈশব থেকেই সংস্কৃতিমনা এই তরুণ থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন। অভিনয়ের সেই অভিজ্ঞতাই পরবর্তীতে তাকে নিয়ে যায় টেলিভিশনের পর্দায়।

জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো এনটিভি হা-শো সিজন–৬–এ তিনি ছিলেন সেমিফাইনালিস্ট এবং সেরা দশের মধ্যে অন্যতম পারফর্মার। বর্তমানে তিনি কাজ করছেন দেশের জনপ্রিয় কমেডি প্রোগ্রাম ইগল’স কমেডি–র সঙ্গেও। এছাড়াও তিনি ভোলা জেলার প্রথম কনটেন্ট ক্রিয়েটর হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

কমেডিয়ান হওয়ার পাশাপাশি সাকির লিমুন একজন নাট্যকার, গীতিকার এবং টেলিভিশন অভিনেতা। তবে তার সবচেয়ে বড় পরিচয়— তিনি হাসির মাধ্যমে সমাজের অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করেন। বিশেষ করে বাংলাদেশের কর্পোরেট সংস্কৃতির নানা অসঙ্গতি ও কর্মীদের প্রতি অবিচারকে তিনি ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেন তার ভিডিও ও স্কিটে।

তার কনটেন্টগুলোতে অনেক দর্শক নিজেদের বাস্তব জীবনের প্রতিচ্ছবি খুঁজে পান। সামাজিক মাধ্যমে তার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে নিয়মিত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকির লিমুন বলেন, “আমি শুধু চাই, আমার সাধ্যের মধ্যে দেশের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। আপাতত আমার হাতে আছে মুখ—তাই সেটাকেই ব্যবহার করছি। জানি না কতদিন পারব, তবে চেষ্টা করতে দোষ কোথায়?”

কর্পোরেট জীবনের তিক্ত অভিজ্ঞতা থেকেই তার কনটেন্ট নির্মাণের যাত্রা শুরু। তিনি বলেন,  “কর্পোরেট নামের এই জেলখানায় কর্মীদের মানসিকভাবে কতটা টর্চার করা হয়, সেটা ভেতরে না ঢুকলে বোঝা যায় না। বিশেষ করে সেলস সেক্টরে সিনিয়রদের ট্রিটমেন্ট অনেক সময় অত্যন্ত অপমানজনক হয়।”

তবুও তিনি বিশ্বাস করেন,“হাসি মানুষকে বাঁচতে শেখায়, আবার হাসিই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হাতিয়ার— যেটা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো যায়।”

নিজের কণ্ঠ, মুখ ও সৃজনশীলতাকে অস্ত্র করে সাকির লিমুন প্রমাণ করেছেন— হাস্যরস কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি হতে পারে প্রতিবাদের শক্তিশালী রূপও। বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে তিনি এখন পরিবর্তনের মুখপাত্র, আর কর্পোরেট দুনিয়ার কর্মীদের কাছে এক নিঃশব্দ মুক্তির প্রতীক।

আরও খবর

Sponsered content