সারাদেশ

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী যুবলীগ নেতা রাণা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন

  সিলেট ব্যুরো ২১ নভেম্বর ২০২৫ , ৮:৩০:৪১ প্রিন্ট সংস্করণ

সিলেটে বৈষম্যবিরোধী জুলাই বিপ্লবে ছাত্রদের ওপর হামলার অভিযোগে আলোচনায় থাকা দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম রাণা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন—এমন অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে। হামলা, চাঁদাবাজি, দখল বাণিজ্য, মাদক নিয়ন্ত্রণসহ একাধিক অপরাধের অভিযোগ থাকলেও তিনি এখনও আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে জানা গেছে।

দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার বাসিন্দা রাণার বিরুদ্ধে ডেভিল হান্টসহ বিভিন্ন অভিযানের পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ছাত্র হত্যার মামলায় একাধিক নাম থাকা সত্ত্বেও রাণা ও তার স্ত্রী লাকি আক্তারের নাম এজাহারেও নেই, এমনকি অজ্ঞাতনামা আসামী হিসেবেও উল্লেখ করা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ সুরমা বিএনপির এক নেতা জানান, জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত রাণার তাণ্ডবে পুরো এলাকা আতঙ্কে ছিল। তার দাবি, দলীয় পরিচয় ব্যবহার করে রাণা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, দখল বাণিজ্য, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ এবং পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত। সরকার পতনের পর কয়েকদিন আত্মগোপনে থাকলেও এখন আবার প্রকাশ্যেই চলাফেরা করছেন তিনি।

স্থানীয় সূত্র জানায়, ৪ আগস্ট হুমায়ুন চত্ত্বর, কদমতলি, বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রে হামলা চালায় রাণা ও তার অনুসারীরা। হামলায় ভ্যানচালক নুরুল ইসলাম মিয়া নিহত হন এবং দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় রাণার স্ত্রী বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় মামলা করলেও এজাহারে রাণা ও লাকির নাম নেই।

৪ আগস্টের হামলার সময় প্রকাশ্যে অস্ত্রধারী অবস্থায় রাণাকে দেখা গেছে বলে আন্দোলনকারীদের একাধিক সূত্র জানায়। আহত শিক্ষার্থীরাও হামলার সময় রাণার নেতৃত্বে সন্ত্রাসীদের উপস্থিতির কথা জানিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দক্ষিণ সুরমা সমন্বয়ক বলেন, “হুমায়ুন চত্ত্বরে যারা ছাত্রদের ওপর নৃশংস হামলা চালিয়েছে তাদের ছবি আমরা প্রশাসনকে দিয়েছি। গ্রেপ্তারের দাবিও জানিয়েছি, কিন্তু এখনও কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।”

উল্লেখ্য, আব্দুল আলিম রাণার বিরুদ্ধে দক্ষিণ সুরমা ও কোতয়ালী থানায় নানা অভিযোগ ও মামলা রয়েছে।

আরও খবর

Sponsered content