স্পোর্টস ডেস্ক ৭ মার্চ ২০২৫ , ২:৩১:৫৬ প্রিন্ট সংস্করণ
লকি ফার্গুসেনের পর বেন সিয়ার্সকেও পায়নি নিউজিল্যান্ড। পেস আক্রমণে এত বিশাল ঘাটতি বুঝতেই দেননি ম্যাট হেনরি। তোপ দেগেছেন, দলের মান রেখেছেন। প্রতিপক্ষের নাকের জলে চোখের জলে করেছেন। দুবাইয়ের শিরোপার মঞ্চে এমন তারকাকে পাওয়া নিয়েই শঙ্কায় নিউজিল্যান্ড।
চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ফয়সালা হবে ৯ মার্চ। তার আগে চোটে পড়েছেন হেনরি। ব্ল্যাক ক্যাপসদের পেস আক্রমণের মূল হাতিয়ার কাঁধে চোট পেয়েছেন। এখনও সেরে ওঠেনি। কিউইদের অধিনায়ক মিচেল স্যান্টনার চিন্তিত, তবে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান।
কিউই ডেরায় দুঃসংবাদ নেমে আসে ফাইনাল নিশ্চিতের দিন। লাহোরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেওয়ার দিনে হেনরিখ ক্লাসেনের ক্যাচ ধরতে গিয়ে চোট পান হেনরি। তার কাঁধের চোট গুরুতর হওয়া তখনই মাঠ ছাড়েন। সেমিতে নিজের কোটার ১০ ওভার পূর্ণও করতে পারেননি। ৭ ওভারে ৪২ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট।
এবারের আসরে এখন অবধি সর্বোচ্চ উইকেটশিকারি হেনরি। ৪ ম্যাচে তার ঝুলিতে পুরেছেন ১০টি উইকেট। গ্রুপপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে তোপ দেগেছিলেন, নিয়েছিলেন ফাইফার। রোহিত শর্মাদের বিপক্ষে ফাইনালে কিউইদের প্রধান অস্ত্রই হতে পারতেন হেনরি। টুর্নামেন্টে ৪ ম্যাচে ৮ উইকেট নিয়ে হেনরির পেছনে মোহাম্মদ শামি।
এমন অস্ত্র হারালে শিরোপার মঞ্চে নিশ্চিতভাবেই পিছিয়ে পড়বে নিউজিল্যান্ড। বিষয়টি মানছেন দলটির অধিনায়ক। তাইতো অপেক্ষা করতে চান স্যান্টনার, ‘আমরা আরও একটু অপেক্ষা করতে চাই। তারপর দেখব ওর কাঁধ কেমন আছে। দেখলাম যে, ওর কাঁধে কালশিটে দাগ হয়েছে। তাই কিছুদিন অপেক্ষা করে সিদ্ধান্ত নিতে চাই।’
শেষ পর্যন্ত হেনরি যদি খেলতে না পারেন তবে ভারতের বিপক্ষে পেস আক্রমণে আরও শক্তি হারাবে নিউজিল্যান্ড। শিরোপার মঞ্চে হেনরির চোট তাই আশীর্বাদ হয়ে দাঁড়াতে পারে।
এমআই





















