মোঃ অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার: ১৯ মে ২০২৬ , ২:৪৬:৩২ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় মরিয়ম বেগম (৫০) নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুমি ও রুবেল নামে দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে পৌর এলাকার নামোশংকরবাটি চৌকাপাড়া এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মরিয়ম বেগম নামোশংকরবাটি উজ্জ্বলপাড়ার আবুল কালামের স্ত্রী। তিনি বিভিন্ন বাসায় গিয়ে শিক্ষার্থীদের প্রাইভেট পড়িয়ে জীবিকা নির্বাহ করতেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৮ মে) সকালে মরিয়ম বেগম রুবেলের মেয়েকে প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে তার বাসায় যান। এরপর তিনি আর নিজ বাড়িতে ফিরে আসেননি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন এবং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবেলের বাড়ি থেকে বস্তাবন্দী অবস্থায় মরিয়ম বেগমের মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, সোনার গয়না ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হত্যাকাণ্ডটি ঘটতে পারে। তাদের অভিযোগ, সুমি নামের ওই নারীর বিরুদ্ধে এর আগেও জুস খাইয়ে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে পুলিশ কোনো নিশ্চিত বক্তব্য দেয়নি।
অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, নিহতের মাথা ও চোখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া তার কানের দুল ছেঁড়া অবস্থায় ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




















