লাইফস্টাইল

মান্দায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত

  নওগাঁ প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৫ , ২:৫৮:২৯ প্রিন্ট সংস্করণ

 

নওগাঁর মান্দা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র উদ্যোগে এক গণসমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) উপজেলার ১২নং কাঁশোপাড়া ইউনিয়নের কুলিহার বাজারে ইউনিয়ন শাখার কার্যালয়ে এ কর্মসূচি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নওগাঁ জেলা শাখার সভাপতি মাষ্টার মো. আশরাফুল ইসলাম বলেন, “বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটে না। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু করা জরুরি। শুধু নেতা নয়, পরিবর্তন আনতে হবে ব্যবস্থায়। ইসলামী শাসনই দেশের মুক্তির একমাত্র পথ।”

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা সাংগঠনিক সম্পাদক ও মান্দা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. সোহরাব হোসাইন (ওয়ারেস)। তিনি বলেন, “দেশে আজ অন্যায়-অবিচারের রাজত্ব চলছে। মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। এখনই সময় জনগণকে জাগিয়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে মিথ্যা মামলা, হামলা ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আর কাউকে জান-মালের নিরাপত্তাহীনতায় পড়তে হবে না।”

বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মান্দা উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. মোহসীন আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. যোবায়ের আহম্মেদ কাসেমী এবং ১২নং কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ ক্বারী মো. শাকেরুল ইসলাম বাচ্চু। বক্তারা বলেন, “বাংলাদেশের জনগণ এখন পরিবর্তনের অপেক্ষায়। সেই পরিবর্তন কেবল নেতৃত্বে নয়, নীতির মধ্য দিয়েই আসবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মো. আতাউর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা শাখার অর্থ সম্পাদক হাফেজ মাওলানা এমরুল কায়েস।

আয়োজকরা জানান, এমন আয়োজনে সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পাবে এবং ইসলামী আন্দোলনের বার্তা আরও ছড়িয়ে পড়বে। সমাবেশকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আরও খবর

Sponsered content