প্রতিনিধি ২৬ জুন ২০২৬ , ৯:৩৯:৫২ প্রিন্ট সংস্করণ
আর মাত্র কয়েকটি ম্যাচ। এরপরেই গ্রুপ পর্বের হিসাব-নিকাশ চুকিয়ে শুরু হবে ফিফা বিশ্বকাপে আসল রোমাঞ্চ নকআউট পর্ব। আর ইতোমধ্যে নকআউট পর্বের ৪টি ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী সোমবার দিবাগত রাত থেকে শুরু হতে যাচ্ছে সেরা ষোলোতে ওঠার লড়াই।
সেরা ৩২ এর লড়াইয়ের প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক কানাডা ও দক্ষিণ আফ্রিকা। যুক্তরাষ্ট্রের সোফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ১টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
একই দিনে হাইভোল্টেজ ম্যাচে প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও এশিয়ার পরাশক্তি জাপান। এই ম্যাচের দিকে চোখ থাকবে সবার। হোস্টনে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায়।
পরের দিন মঙ্গলবার আরেক হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে দুই শক্তিশালী দল মরক্কো ও নেদারল্যান্ডস। বোস্টন স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।
দ্বিতীয় রাউন্ডের আরও একটি ম্যাচের সময় সূচি চূড়ান্ত হয়েছে। এবারের বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বসনিয়া ও হার্জেগোভিনাকে। ২ জুলাই সান্তা ক্লারাতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে চার ম্যাচের সময়সূচি। বাকি ১২টি ম্যাচেরও গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। নকআউট পর্বের নিয়ম অনুযায়ী নির্ধারিত ৯০ মিনিটে খেলা অমিমাংসিত থাকলে অতিরিক্ত সময় এবং প্রয়োজনে টাইব্রেকারের মাধ্যমে জয়ী দল চলে যাবে পরবর্তী রাউন্ডে।














