এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার: ২৭ জুন ২০২৬ , ১২:০৫:০০ প্রিন্ট সংস্করণ
বর্তমান সময়ে যুবসমাজকে মোবাইল গেম ও জুয়া-আসক্তির মতো নেতিবাচক প্রবণতা থেকে দূরে রাখতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড়সহ দেশীয় খেলাধুলার প্রসার ঘটানোর আহ্বান জানিয়েছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহউদ্দীন ফরিদ।
তিনি বলেন, “খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। এটি যুবসমাজকে নেশা ও বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ, সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
শুক্রবার (২৬ জুন) বিকেলে যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের ইস্তা ইকরা ইসলামিক একাডেমি সংলগ্ন মাঠে স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আয়োজকরা জানান, ঈদুল আজহার আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলাকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতাকে ঘিরে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শক মাঠে সমবেত হন। ঘোড়দৌড়কে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সমাজসেবক ও রাজনীতিবিদ সহকারী অধ্যাপক শফিকুর রহমানের সভাপতিত্বে এবং মাওলানা আসাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নুল আবেদীন, হাজিরবাগ ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মাওলানা মোজাম্মেল হক, বাঁকড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট হাবিব খায়সার, বিশিষ্ট সমাজসেবক মুজাহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য মোট পাঁচটি পুরস্কার ঘোষণা করা হয়। প্রথম পুরস্কার ২০ হাজার টাকা, দ্বিতীয় ১৫ হাজার টাকা, তৃতীয় ৮ হাজার টাকা, চতুর্থ ৫ হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার ৩ হাজার টাকা।
অনুষ্ঠানে বক্তারা গ্রামীণ ক্রীড়া ও সংস্কৃতি সংরক্ষণে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে।




















