মেহেরপুর প্রতিনিধিঃ ২০ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:০৮:৩৩ প্রিন্ট সংস্করণ
মেহেরপুরের গাংনী উপজেলায় ওয়ান শুটারগানসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) গাংনী ক্যাম্প। বৃহস্পতিবার ভোরে উপজেলার ছাতিয়ান গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—ছাতিয়ান গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে তরিকুল ইসলাম (৩০), আলী হোসেনের ছেলে জেনারুল ইসলাম (২৫) এবং মৃত হেলাল উদ্দিনের ছেলে সামিউল আজাদ বাবু (৩৮)।
র্যাব-১২ মেহেরপুর সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার একরামুল হক জানান, পারিবারিক বিরোধের জেরে ছাতিয়ান গ্রামের রতন আলীকে ফাঁসানোর উদ্দেশ্যে তার বাড়ির ছাগলের ঘরের দক্ষিণ-পশ্চিম কোণে আগ্নেয়াস্ত্র মাটির নিচে পুঁতে রাখে আসামিরা। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা এ ঘটনা স্বীকার করলে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে গাংনী থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন র্যাবের এ কর্মকর্তা।
এমআই




















