রাজশাহী প্রতিনিধি: ২৬ নভেম্বর ২০২৫ , ১২:৪৪:৫৮ প্রিন্ট সংস্করণ
রাজশাহীর তানোরে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। রাজশাহী–১ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত সুলতানুল ইসলাম তারেক ও প্রাথমিক মনোনয়ন পাওয়া শরীফ উদ্দিনের সমর্থকদের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় এক ঘণ্টা উত্তেজনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী–১ আসনে সাবেক সেনা কর্মকর্তা শরীফ উদ্দিন প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর তার মনোনয়ন বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন সুলতানুল ইসলাম তারেক। মঙ্গলবার সন্ধ্যায় তারেকের সমর্থকরা তানোর উপজেলা সদরে মশাল মিছিল বের করলে হঠাৎ করেই শরীফ উদ্দিনের সমর্থকরা তাতে হামলা চালায়।
বিএনপি কর্মী রাহেল আলী অভিযোগ করেন, “আমরা শান্তিপূর্ণ মশাল মিছিল করছিলাম। হঠাৎ সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজানের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়।” তিনি দাবি করেন, তাদের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
অপরদিকে বিএনপি নেতা মিজানুর রহমান মিজান অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা হামলা করিনি, বরং মিছিল থেকে আমাদের কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।” এ ঘটনায় তাদের ৫ জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, “বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।”




















