মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:৫৭:১৫ প্রিন্ট সংস্করণ
দিনাজপুর জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫৯ বোতল এস্কাফ জব্দসহ এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৩।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার”—এই মূলমন্ত্র ধারণ করে সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গত মঙ্গলবার রাত ১টা ৫০ মিনিটে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্প-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানটি পরিচালিত হয় কোতোয়ালী থানা-এর আওতাধীন ৯নং আশকরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দপুর এলাকায়। এ সময় মো. মোজাম্মেল হক (৪৫) নামে এক ব্যক্তির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২৫৯ বোতল এস্কাফ জব্দ করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোজাম্মেল হক দক্ষিণ গোবিন্দপুর এলাকার বাসিন্দা বলে জানায় র্যাব।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থান থেকে অবৈধ ফেনসিডিলজাতীয় মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় কৌশলে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। মাদক পরিবহন ও ব্যবসায় তিনি বিভিন্ন অভিনব পদ্ধতি ব্যবহার করতেন বলেও জানানো হয়।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















