সারাদেশ

হাকিমপুরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি, বিস্কুট ও স্যালাইন বিতরণ

  মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ২১ এপ্রিল ২০২৬ , ২:৪০:৪৫ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের হাকিমপুরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি, স্যালাইন ও বিস্কুট বিতরণ করেছে পৌর বিএনপি। পরীক্ষার্থীদের ক্লান্তি দূর ও স্বস্তি দিতে এই উদ্যোগ নেওয়া হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে হাকিমপুর সরকারি বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। একইসঙ্গে উপজেলার আরও দুটি পরীক্ষা কেন্দ্রেও অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর জন্য একই আয়োজন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের নির্দেশনায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হকসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, মন্ত্রী অধ্যাপক ডা. জাহিদ হোসেনের নির্দেশনায় আমরা আজ এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি, স্যালাইন ও বিস্কুট বিতরণ করেছি। প্রতি বছরই আমরা পরীক্ষার্থীদের জন্য এই আয়োজন করে থাকি এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ পরীক্ষার্থীদের শারীরিক ক্লান্তি দূর করতে সহায়ক ভূমিকা রাখে এবং তাদের মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।

আরও খবর

Sponsered content