প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:০৬:৩৮ প্রিন্ট সংস্করণ
দীর্ঘ ২০ বছর পর আজ বরিশাল সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে দক্ষিণাঞ্চলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। ইতিমধ্যে বিভাগের ছয়টি জেলা থেকে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সমাবেশ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
বুধবার দুপুর ১২টার পর বরিশাল বেলস পার্কের এই নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন।
এর আগে বেলা ১১টায় বরিশাল বেলস পার্কের এই জনসভা শুরু হয়। শুরুতে বক্তব্য রাখছেন স্থানীয় নেতাকর্মীরা।
এদিন প্রিয় নেতাকে দেখতে ভোর থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। কেউ কেউ ফজর নামাজ পড়েই ঐতিহাসিক বেলস পার্ক মাঠে এসেছেন।
সর্বশেষ ২০০৮ সালে এই মাঠে নির্বাচনী জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘ ১৬ বছর পর সেই একই মাঠে এবার দলটির পরবর্তী প্রজন্মের কাণ্ডারি তারেক রহমানের আগমনে দক্ষিণাঞ্চলে উৎসবের আমেজ বিরাজ করছে।
দলীয় কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বরিশাল পৌঁছাবেন তারেক রহমান। দুপুর ১২টায় সমাবেশে যোগ দিয়ে ১টার দিকে তিনি ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার হাত ধরে বরিশালে যে উন্নয়ন হয়েছে, তারেক রহমান সেই ধারাকে পূর্ণতা দেবেন। তাকে ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশা অনেক।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান।




















